পর্দার ‘গুড্ডি’ আর ‘অনুজ’ এবার বাস্তবেই এক হলেন। ছোটপর্দায় তিন-তিনবার বিয়ের পিঁড়িতে বসলেও, এবার সত্যিকারের জীবনের নতুন অধ্যায় শুরু করলেন টলিপাড়ার জনপ্রিয় জুটি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। গত ১৪ ফেব্রুয়ারি, বসন্তের ফাল্গুনি হাওয়া আর ভালোবাসা দিবসের আবহে একে অপরের গলায় মালা দিলেন এই তারকা যুগল।
বিয়ের আসরে প্রথা ভেঙে এক অনন্য মুহূর্ত তৈরি করেন রণজয়। কনের পিঁড়ি ধরার বদলে প্রিয়তমা শ্যামৌপ্তিকে কোলে তুলে মণ্ডপে নিয়ে আসেন তিনি, যা উপস্থিত অতিথি থেকে শুরু করে নেটিজেন—সবাইকে মুগ্ধ করেছে। রণজয়ের পরনে ছিল ঘিয়ে রঙের পাঞ্জাবি ও ধুতি, কাঁধে চাদর; যেন ঠিক এক ‘জমিদার’ বাবু।
অন্যদিকে, শ্যামৌপ্তি চিরাচরিত বেনারসির পথে না হেঁটে বেছে নিয়েছিলেন লাল রঙের জমকালো শাড়ি। কপালে চন্দন, মাথায় শোলার মুকুট, গলায় রজনীগন্ধার মালা আর সোনার গয়নায় তাকে দেখাচ্ছিল অপরূপা।
দীর্ঘদিনের প্রেম পূর্ণতা পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি শেয়ার করেন রণজয়। ক্যাপশনে আবেগী কণ্ঠে তিনি লিখেছেন, তাদের এতদিনের চেনা ভালোবাসার গল্পটি এবার আজীবন একসাথে চলার প্রতিশ্রুতিতে পূর্ণতা পেল। রূপালি পর্দার রসায়ন এখন বাস্তবের সংসারেও নতুন রঙ ছড়াবে, এমনটাই প্রত্যাশা অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের।