সম্পর্কের টানাপোড়েন নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন থামিয়ে দিলেন চিত্রনায়িকা শবনম বুবলী
ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন থামিয়ে দিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। সাফ জানিয়ে দিলেন, শাকিব খানের সঙ্গে তার এখনো আনুষ্ঠানিক কোনো বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি। আর ডিভোর্স যেহেতু হয়নি, তাই নতুন করে বিয়ের কোনো পরিকল্পনার প্রশ্নই ওঠে না।
ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে বিশেষ পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন বুবলী। অনুষ্ঠানটির সঞ্চালক রুম্মান রশীদ খান যখন তাকে প্রশ্ন করেন— “আবার কবে বিয়ে করছেন?” তার জবাবে বুবলী সরাসরি বলেন, ‘শুরুতেই বলে নিচ্ছি, আমার তো ডিভোর্স হয়নি। তাই দ্বিতীয় বিয়ের তো কোনো প্রশ্নই আসে না।’
শাকিব খানের পরিবারের পক্ষ থেকে নতুন পাত্রী খোঁজার খবরের প্রেক্ষিতে বুবলী জানান, এটি যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে নিজের বর্তমান অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড কিংবা বিধবা। এখানে ‘অতীত’ বলে কোনো শব্দ বা অপশন থাকে না।
শাকিবের সঙ্গে বর্তমান সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি আরও যোগ করেন, স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বা অভিমান হতেই পারে, আবার তা ঠিকও হয়ে যায়। কিন্তু আইনিভাবে তারা এখনো দম্পতি।
দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিচ্ছেদ নিয়ে নানা খবর প্রচার হলেও বুবলী এবার জোর দিয়ে বলেন, ‘আমাদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকে হয়তো দ্বিধাদ্বন্দ্বে থাকেন, তাই আজ পরিষ্কার করে বললাম।’
উল্লেখ্য, ওই পডকাস্টে বুবলী শুধু সংসার নয় বরং নিজের প্রথম প্রেম এবং মিডিয়াপাড়ার বিভিন্ন অমীমাংসিত গুঞ্জন নিয়েও খোলামেলা কথা বলেছেন। তার এই বক্তব্যের পর শাকিব-বুবলী সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে বিনোদন অঙ্গনে।