
নিরাপদে আছেন যশ নুসরাত ও সায়ন্তিকা
রবিবার সকালে চাঞ্চল্য ছড়াল কলকাতার টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিও লাগোয়া একটি নামী বহুতল আবাসনে। পাঁচতলার একটি ফ্ল্যাটে হঠাৎ আগুন লাগায় মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় গোটা ভবন। এই আবাসনেই বাস করেন টলিপাড়ার জনপ্রিয় জুটি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান, অভিনেত্রী-রাজনীতিক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক শুভ্রজিৎ মিত্রের মতো তারকারা।
অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে পরিচালক শুভ্রজিৎ মিত্র জানান, যতটুকু শোনা যাচ্ছে পাঁচতলার একটি পরিবার শিবরাত্রির পূজা-আরতি সেরে আগুন না নিভিয়েই নিচে মন্দিরে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, সেই আরতির আগুন থেকেই কোনোভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। তবে বাতাসের দাপটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় সিঁড়ি ও করিডোর ঢেকে যায়। নিরাপত্তার খাতিরে লিফট বন্ধ করে দেওয়ায় তৈরি হয় চরম আতঙ্ক।
আবাসনের ১৮ তলায় থাকেন ‘অভিযাত্রিক’ খ্যাত পরিচালক শুভ্রজিৎ মিত্র। ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যাওয়ায় তিনি তার বৃদ্ধা মাকে নিয়ে আপৎকালীন সিঁড়ি দিয়েই নিচে নেমে আসেন। শুভ্রজিৎ বলেন, “দমকল আসার আগেই আবাসনের কর্মীরা আপ্রাণ চেষ্টা করেছিলেন কিন্তু পরিস্থিতি সামলানো সম্ভব ছিল না। মিনিট পনেরোর মধ্যে দমকলের তিনটি ইঞ্জিন এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”
আগুনের উৎসস্থলের ঠিক ওপরের তলা অর্থাৎ ছয়তলায় থাকেন যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। যশের কণ্ঠে তখনও আতঙ্কের রেশ। অভিনেতা-প্রযোজক যশ বলেন, “আমাদের ফ্ল্যাটটি আগুনের ঠিক ওপরের তলায় হওয়ায় আতঙ্কটা ছিল কয়েক গুণ বেশি। আমরা সবাই, এমনকি বাচ্চারাও নিরাপদে আছে। কোনোভাবে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে এসেছিলাম।” ফ্ল্যাটের কিছু ক্ষয়ক্ষতি (প্রপার্টি ড্যামেজ) হলেও কোনো মানুষ আহত হননি-এটাই বড় স্বস্তি বলে জানান তিনি।
আবাসন সূত্রে জানা গেছে, বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং পরিস্থিতি স্বাভাবিক। যশ, নুসরাত, সায়ন্তিকা বা শুভ্রজিৎ সবাই নিরাপদে আছেন। তবে বহুতল ভবনে অগ্নিনির্বাপক ব্যবস্থা ও সজাগ থাকা নিয়ে এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।