
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩২টি আসনের ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য। এ দাবিতে জোটের নেতারা আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন-এ লিখিত অভিযোগ ও প্রমাণ জমা দিয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জোটের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে গিয়ে নির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন বাংলাদেশ জামায়াতে ইসলামি-র সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, নির্বাচনে ভোট কারচুপি, এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা, কেন্দ্র থেকে বের করে দেওয়া, জাল ভোট প্রদান, কালো টাকার ব্যবহার এবং বিভিন্ন স্থানে ভয়ভীতি ও সহিংসতার মতো নানা অনিয়মের অভিযোগ কমিশনের কাছে তুলে ধরা হয়েছে। তার দাবি, ভোটগ্রহণ আংশিকভাবে সুষ্ঠু হলেও পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে।
ড. আযাদ অভিযোগ করেন, কিছু কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যালটে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ভোট গণনার সময় এজেন্টদের বের করে দেওয়া, ফলাফল শিটে কাটা-ছেড়া ও ওভাররাইটিং এবং এজেন্টদের স্বাক্ষর না নেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। উদাহরণ হিসেবে তিনি বলেন, ঢাকা-৬ আসনের একটি ফলাফল শিট পেন্সিলে লেখা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, বিশেষ করে ৩২টি আসনে স্বল্প ভোটের ব্যবধানে জোটের প্রার্থীদের পরাজিত দেখানো হয়েছে। এর মধ্যে আল্লামা মামুনুল হক, মিয়া গোলাম পরওয়ার এবং ঢাকা-৮ আসনে নাসীরুদ্দিন পাটওয়ারীর নাম উল্লেখ করেন তিনি। এসব আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে কমিশনে প্রমাণসহ আবেদন জমা দেওয়া হয়েছে।
এছাড়া প্রার্থিতা যাচাইবাছাইয়ের সময় ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বধারীদের বৈধতা দেওয়ার বিষয়েও কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানান জোটের নেতারা। নির্বাচন শেষে দ্রুত গেজেট প্রকাশ করায় দূরবর্তী এলাকার প্রার্থীদের অভিযোগ জানানোর সুযোগ সীমিত হয়েছে বলেও তারা অভিযোগ করেন। তবে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়ায় এগোনোর সুযোগ সবার জন্য খোলা রয়েছে।
ড. আযাদ বলেন, জনগণের ম্যান্ডেটকে সম্মান জানিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে গণতান্ত্রিক সমাধান প্রত্যাশা করছে ১১ দলীয় জোট। পাশাপাশি নির্বাচনী সহিংসতার প্রতিবাদে ১৬ ফেব্রুয়ারি বিকালে ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেটে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।