
প্রেস সেক্রেটারি শফিকুল আলম ।। ফাইল ফটো
বিদায়ী অন্তর্বর্তী সরকার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৯ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করে দায়িত্ব হস্তান্তর করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রবিবার রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এসেছিল ১৫ বিলিয়ন ডলারে। সে সময় ব্যাংকিং খাত চরম সংকটে ছিল এবং অনেক ব্যাংক কার্যত অচল অবস্থায় পড়ে ছিল বলে তিনি উল্লেখ করেন। বর্তমান সরকার দায়িত্ব পালনকালে রিজার্ভ বাড়িয়ে ২৯ বিলিয়ন ডলারে উন্নীত করেছে।
তিনি দাবি করেন, বর্তমান রিজার্ভ দিয়ে অন্তত ছয় মাসের খাদ্য আমদানির ব্যয় নির্বাহ করা সম্ভব হবে। পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে একটি স্থিতিশীল অবস্থায় রেখে যাওয়ার কথাও জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, গত ১৮ মাসে গুমের কোনো ঘটনা ঘটেনি। এ সময় সরকারকে “ফ্যাসিস্টদের কার্যক্রম” মোকাবিলা করতে হয়েছে উল্লেখ করে তিনি জানান, এই প্রেক্ষাপটে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার ও আইনগত কাঠামো গড়ে তোলা হয়েছে।