
তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডা. শফিকুর রহমান।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৯ মিনিটে তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে প্রবেশ করেন। পরে ডা. শফিকুর রহমান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এ ছাড়া সাক্ষাতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
এর আগে শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি সূত্র জানায়, রোববার সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমানের বাসায় এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান।
এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের বাসার আশপাশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটের শরিকদের আরও তিনটি আসন যুক্ত হওয়ায় বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা দাঁড়িয়েছে ২১২টি। দীর্ঘ দেড় দশক পর এমন ‘ভূমিধস’ বিজয়ে দলটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।