
ফাইল ছবি
চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৪ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১৩৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ দাঁড়িয়েছে ১৬ হাজার ৫১৮ কোটি ৮০ লাখ টাকা।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় এবার ৫ কোটি ডলার বা ৬১০ কোটি টাকা বেশি রেমিট্যান্স এসেছে। গত বছরের ফেব্রুয়ারির প্রথম ১৪ দিনে দেশে এসেছেছিলো ১৩০ কোটি ৪০ লাখ ডলার।
তিনি আরো জানান, চলতি বছরের ফেব্রুয়ারির ৭ তারিখ পর্যন্ত মাসভিত্তিক রেমিট্যান্স বৃদ্ধি হয়েছে ৩.৮ শতাংশ। এছাড়া, জুলাই ২০২৫ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রবাসী আয় এসেছে ২০৭৮ কোটি ৮০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের ১৭২৬ কোটি ৬০ লাখ ডলারের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
এর আগে গত জানুয়ারি মাসে দেশে এসেছে চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার। যা ছিল দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের কোনো এক মাসে আসা সর্বোচ্চ প্রবাসী আয়। গত নভেম্বরে দেশে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।
এছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।