
শপথ গ্রহণের পর নবাগত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন। এ উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে সৌন্দর্যবর্ধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানান, রোববার সকাল থেকেই স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন শেষে আবার সাধারণ মানুষের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করা হবে।
একাধিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং বিকেল ৪টায় মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হবে। শপথ শেষে প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা সরাসরি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।