
তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত
ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে দীর্ঘ প্রায় চার ঘণ্টার অস্ত্রোপচারের পর তার মস্তিষ্ক থেকে টিউমারটি অপসারণ করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
নির্মাতা সকাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। গণমাধ্যমকে তিনি জানান, আল্লাহর রহমতে তানিয়া বৃষ্টির সার্জারি সফল হয়েছে এবং অপারেশনের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টা তাকে অবজারভেশনে রাখা হবে। পোস্ট-অপারেটিভ জটিলতার সম্ভাবনা থাকায় এখনই তাকে সম্পূর্ণ শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।
এ সময় হাসপাতালে অযথা ভিড় না করার এবং অতিরিক্ত ফোনকলের মাধ্যমে পরিবারের ওপর চাপ সৃষ্টি না করার অনুরোধও জানান এই নির্মাতা।
এর আগে এই অভিনেত্রীর ফেইসবুকে তার অসুস্থতার খবর জানিয়ে এক পোস্টে দেওয়া হয়। এতে লেখা হয়, “আমাদের সবার প্রিয় তানিয়া বৃষ্টি বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। এ মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসা প্রয়োজন। অনুরোধ করছি শুটিং বা কাজ–সংক্রান্ত বিষয়ে আপাতত ফোনকল বা খুদে বার্তা দিয়ে বিরক্ত না করার জন্য। সুস্থ হয়ে উঠলে ইনশাআল্লাহ নিজে থেকেই সবাইকে জানানো হবে।”
বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে তানিয়া বৃষ্টি অন্যতম। নিয়মিত তার অভিনীত নতুন নাটক মুক্তি পাচ্ছে এবং সেগুলো দর্শকমহলে বেশ সাড়া ফেলছে। সাম্প্রতিক সময়ে একাধিক নাটক অল্প ব্যবধানে মুক্তি পাওয়ায় তিনি আলোচনায় ছিলেন।
২০১৫ সালে আকরাম খান পরিচালিত চলচ্চিত্র ঘাসফুল-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত সিনেমা গোয়েন্দাগিরি। দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফিরছেন তানিয়া বৃষ্টি। রায়হান খান পরিচালিত নির্মাণাধীন চলচ্চিত্র ট্রাইব্যুনাল-এ তাকে দেখা যাবে।