
ছবি: সংগৃহীত
ইরানের ওপর সামরিক হামলা হলে রুখে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে আফগানিস্তান। একই সঙ্গে দেশটি জানিয়েছে, তাদের ভূখণ্ড কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে হামলার কাজে ব্যবহার করতে দেওয়া হবে না।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আফগান প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব। তিনি বলেন, আফগানিস্তান কোনো দেশের জন্য হুমকি নয় এবং দেশের মাটি অন্য রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। বিদেশি সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আফগানিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন প্রচারণা থেকে বিরত থাকতে হবে।
এদিকে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বিবিসি পার্সিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালায় এবং ইরান সহায়তা চায়, তাহলে আফগানরা নিজেদের সক্ষমতার মধ্যে সহযোগিতা করতে প্রস্তুত থাকবে।
তবে তিনি স্পষ্ট করেন, তালেবান কোনো যুদ্ধ চায় না এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাত এড়িয়ে যাওয়া সম্ভব হবে বলেই তারা আশা করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান আত্মরক্ষায় সক্ষম এবং সাম্প্রতিক সংঘাতে ইসরায়েল-এর বিরুদ্ধে তারা শক্ত অবস্থান দেখিয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে আফগানিস্তানের এই অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নতুন মাত্রা দিতে পারে।