
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেনে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ব্যাংকগুলোতে গ্রাহক লেনদেন সকাল ৯ টা ৩০ থেকে দুপুর ২ টা ৩০ পর্যন্ত এবং অফিস সময় সকাল ৯ টা ৩০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে। সাথে ১ টা ১৫ থেকে ১ টা ৩০ পর্যন্ত থাকবে নামাজ বিরতি।
গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে রমজানে ব্যাংকিং লেনদেনের নতুন এ সময়সূচি জানানো হয়।
এদিকে আসছে রমজান মাসে লেনদেনের নতুন সময়সূচি জানিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির ম্যানেজার (প্রকাশনা ও জনসংযোগ) মোহাম্মদ শাখাওয়াত-ই-এলাহি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে ডিএসইর লেনদেন সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত চলবে। পোষ্ট ক্লোজিং সেশন থাকবে ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত।
তবে ডিএসই অফিসিয়াল কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তবে রমজান মাস এবং ঈদুল ফিতরের ছুটির পর ব্যাংক ও শেয়ার বাজারের অফিস আগের নিয়মে চলবে।