
কনটেন্ট ক্রিয়েটর হিসেবেই বেশি সক্রিয় রুকাইয়া জাহান চমক
বর্তমানে অভিনয়ের চেয়ে কনটেন্ট ক্রিয়েটর হিসেবেই বেশি সক্রিয় রুকাইয়া জাহান চমক। বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে তিনি শুরু করেছেন ইংরেজি ভাষার বিশেষ ইনফো-ডকুমেন্টারি সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’।
বর্তমানে এই সিরিজের দ্বিতীয় মৌসুম চলছে, যার পঞ্চম পর্বে তিনি তুলে ধরেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। এর আগে ইলিশ, কুমিল্লার খাদি, টাঙ্গাইলের চমচম ও লালন মেলার মতো ঐতিহ্যবাহী বিষয়গুলো তার ভিডিওতে উঠে এসেছে। চমক জানান, এটি কেবল ভ্রমণ ভ্লগ নয় বরং গভীর গবেষণা ও পরিকল্পনার মাধ্যমে দেশের ইতিহাস তুলে ধরার একটি প্রয়াস।
অভিনয়ের ক্ষেত্রেও চমক এখন অনেক বেশি বাছবিচার করছেন। ভালোবাসা দিবস ও ফাল্গুন উপলক্ষে চরকিতে মুক্তি পাওয়া তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টিফিন বক্স’ বেশ প্রশংসিত হচ্ছে। চমক বলেন, ‘টিফিন বক্স নিয়ে খুব বেশি প্রত্যাশা ছিল না। কারণ, ছোট কাজ, শর্টফিল্মও বলা যায়। কিন্তু দর্শকের আগ্রহ ও প্রশংসা দেখে ভালো লাগছে। আমি আসলে সারা জীবন একই কাজ করে মরে যেতে চাই না। ভালো বা ভিন্ন কিছু করার সুযোগ থাকলেই কেবল অভিনয়ে আসব, শুধু শুধু পর্দায় চেহারা দেখাতে এখন আর ইচ্ছা করে না।’
অন্যদিকে ব্যক্তিগত জীবনে স্বামী আজমান নাসিরের পূর্ণ সমর্থন পাচ্ছেন তিনি। ভালোবাসা দিবস উদযাপনে বর্তমানে এই দম্পতি সিলেটে অবস্থান করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ইস্যুতে সরব থাকা এই অভিনেত্রী মনে করেন, মানুষকে প্রভাবিত করার ক্ষমতাকে দায়িত্বের সঙ্গে ব্যবহার করা উচিত। একইসঙ্গে তিনি দেশি কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন।
চমকের মতে, বিদেশি ক্রিয়েটররা প্রায়ই বাংলাদেশের নেতিবাচক চিত্র তুলে ধরেন; যা পরিবর্তনের জন্য খেলাধুলার মতো বিনোদন সেক্টরকেও রাষ্ট্রীয়ভাবে গুরুত্ব ও স্বীকৃতি দেওয়া প্রয়োজন।