
কিংবদন্তি শিল্পী আবুল হায়াত ও ডলি জহুর
দেশের অভিনয় অঙ্গনের দুই কিংবদন্তি শিল্পী আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘লাইফ ইজ বিউটিফুল’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত করা হয়েছে।
নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, এই নাটকের মাধ্যমে দর্শক নব্বই দশকের সেই চিরায়ত পারিবারিক আবহ ও মায়াময় সম্পর্কের গল্প খুঁজে পাবেন। তিনি বলেন, ‘২৪ বছর ধরে আমি সম্পর্ক আর জীবনের নানা টানাপড়েন নিয়ে কাজ করছি। এই নাটকের গল্পের প্রয়োজনে এবং শৈল্পিক পূর্ণতার জন্যই আবুল হায়াত ও ডলি জহুরকে একসঙ্গে কাস্ট করেছি।’ নাটকে আরও অভিনয় করেছেন তাসনুভা তিশা, প্রান্তর দস্তিদার ও সোহাগ।
দীর্ঘদিন পর সহকর্মী ডলি জহুরের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গুণী অভিনেতা আবুল হায়াত। নির্মাতার প্রশংসা করে তিনি বলেন, ‘চয়নিকার নাটকে গল্পই হচ্ছে প্রাণ। সে ভীষণ সচেতন ও বিচক্ষণ একজন নির্মাতা। ডলির সঙ্গে অনেক দিন পর কাজ করে বেশ ভালো লাগলো।’
প্রযোজক জামাল হোসেন জানান, পারিবারিক গল্পের ওপর ভিত্তি করে নির্মিত এই নাটকে মানসম্মত কাজের ক্ষেত্রে কোনো আপস করা হয়নি।