
নির্বাচন–পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোটের শরিক দলগুলোও এ কর্মসূচিতে অংশ নিচ্ছে। সমাবেশে উপস্থিত আছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।
সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি শুধু সংসদ নির্বাচন হয়নি, গণভোটও হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে কোনো টালবাহানা চলবে না।”
তিনি আরও বলেন, “আগামীর বাংলাদেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে। জনগণ স্বৈরাচার তাড়াতে পেরেছে, সুতরাং সবাইকে সেটা মনে রাখতে হবে।”
নির্বাচনের পর সহিংসতা ও নিপীড়নের অভিযোগ তুলে তিনি দাবি করেন, নির্বাচিত দল ভোটের পরের দিন থেকেই জুলুম-নিপীড়ন শুরু করেছে।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে বায়তুল মোকাররম উত্তর গেট এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।