
ছবি: সংগৃহীত
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী-কে আমন্ত্রণ জানিয়েছেন দায়িত্ব নিতে যাওয়া প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেলিফোনে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে কথা বলে এ আমন্ত্রণ জানান তিনি।
এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমিরের বাসায় যান তারেক রহমান। পরে রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বেইলি রোডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৪টায় একই স্থানে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি। এ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে দলটির সাবেক জোটসঙ্গী জামায়াতে ইসলামী।