
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর জেলার রায়পুরে চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রায়পুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে বিকেলে খাসেরহাট বাজারে ইউনিয়ন বিএনপির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধেও অবস্থান জানান তারা। ব্যানারে ‘মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে’সহ বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ কবিরাজ বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তথ্য দিয়ে সহযোগিতা করতে। তথ্য গোপন রেখে পরে সংগঠনকে দায়ী করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ কবির সরকার, সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন ছৈয়াল, বিএনপি নেতা এবাদুল্লাহ গাজী, ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও কৃষক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা।