
হেনলি পাসপোর্ট ইনডেক্সে ২ ধাপ এগিয়ে ৯৩তম স্থানে বাংলাদেশি পাসপোর্ট
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের নতুন তালিকা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক বৈশ্বিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। এবারের ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’-এ আগের তুলনায় দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত সূচকে বাংলাদেশের অবস্থান ৯৫তম থাকলেও নতুন তালিকায় তা ৯৩তম স্থানে উঠে এসেছে।
সবশেষ এই তালিকায় বরাবরের মতোই শীর্ষস্থান দখল করে রেখেছে সিঙ্গাপুর। দ্বিতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে এশিয়ার দুই দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া। অন্যদিকে, তৃতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে সুইডেন ও সংযুক্ত আরব আমিরাত।
চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের ১২টি দেশ। এর মধ্যে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড উল্লেখযোগ্য। তালিকার পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল। ষষ্ঠ অবস্থানে রয়েছে হাঙ্গেরি, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, পোল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া।
সপ্তম অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যসহ ৬টি দেশ। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত ৭৫তম, শ্রীলঙ্কা ৯১তম, পাকিস্তান ৯৭তম এবং আফগানিস্তান ১০১তম অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, ভিসা বিধিনিষেধের শিথিলতা এবং সীমান্ত পারাপারে অপেক্ষার সময়ের মতো সুযোগ-সুবিধার ওপর ভিত্তি করেই হেনলি অ্যান্ড পার্টনার্স প্রতি বছর এই শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক তালিকা তৈরি করে থাকে।