
ছবি: সংগৃহীত
পাথুম নিশাঙ্কার রেকর্ডগড়া সেঞ্চুরিতে ভর করে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ‘সুপার এইট’ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের এই দাপুটে জয়ে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে শেষ ম্যাচে জয়ের পাশাপাশি নেট রানরেটের জটিল সমীকরণও মেলাতে হবে অজিদের।
গ্রুপ পর্বে টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে শ্রীলঙ্কা। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে। আর তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়ার জন্য পরবর্তী রাউন্ডের পথ এখন কঠিন হয়ে পড়েছে।
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কুশল পেরেরার (১) উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা ৯৭ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। ৩৮ বলে ৫১ রান করে মেন্ডিস বিদায় নিলেও একপ্রান্ত আগলে রেখে ঝড় তোলেন নিশাঙ্কা।
মাত্র ৫২ বলে ১০০ রানে অপরাজিত থেকে চলতি আসরের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা। শেষদিকে ১৫ বলে ২৮ রানের কার্যকরী ইনিংস খেলেন পাভান রত্নায়েক, যা দলকে সহজ জয় এনে দেয়।
এর আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। ওপেনিং জুটিতে ট্রাভিস হেড ও মিচেল মার্শ ১০৪ রান তুলে শক্ত ভিত গড়েন। ২৭ বলে ৫৬ রান করে হেড আউট হওয়ার পর অস্ট্রেলিয়ার ইনিংসে ভাটা পড়ে।
মার্শ ৫৪ রান করলেও মিডল অর্ডারে ক্যামেরন গ্রিন (৫), টিম ডেভিড (৬) ও মার্কাস স্টয়নিস (৪) ব্যর্থ হন। গ্লেন ম্যাক্সওয়েলের ১৫ বলে ২২ এবং জশ ইংলিশের ২৭ রানে ভর করে নির্ধারিত ওভারে ১৮১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কার পক্ষে দুশান হেমন্ত ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। দুশমন্থ চামিরা তুলে নেন ২টি উইকেট। অন্য বোলাররাও নিয়ন্ত্রিত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে বড় স্কোর থেকে দূরে রাখেন।