
ফাইল ছবি
পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবে কর্মরত বেসরকারি খাতের কর্মীদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। ইবাদত ও সিয়াম সাধনার মাসে কর্মীদের শারীরিক পরিশ্রম কমিয়ে আনতে দৈনিক ও সাপ্তাহিক কর্মঘণ্টা কমিয়ে আনার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, রমজান মাসে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা দৈনিক ৬ ঘণ্টার বেশি কাজ করবেন না। সেই হিসেবে সাপ্তাহিক কর্মঘণ্টা কোনোভাবেই ৩৬ ঘণ্টার বেশি হতে পারবে না। সাধারণত দেশটিতে দৈনিক ৮ ঘণ্টা এবং সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজ করতে হলেও শ্রম আইনের ৯৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রমজানে এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
সরকারি কর্মচারীদের জন্য এই সুবিধা আরও বেশি। তাদের কর্মঘণ্টা কমিয়ে দৈনিক ৫ ঘণ্টা করা হয়েছে। অফিস চলবে সাধারণত সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। অনেক ক্ষেত্রে কর্মীদের সুবিধার্থে রাখা হয়েছে ‘ফ্লেক্সিবল’ বা নমনীয় কর্মঘণ্টার সুযোগ।
মন্ত্রণালয় কঠোরভাবে জানিয়েছে, যদি কোনো প্রতিষ্ঠান এই নিয়ম অমান্য করে কর্মীদের ওপর অতিরিক্ত কাজের চাপ দেয়, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে একান্ত প্রয়োজনে বাড়তি কাজ করালে কর্মীদের অবশ্যই নিয়ম অনুযায়ী ওভারটাইম বা অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে।
আগামী ১৮ বা ১৯ ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে রমজান শুরু হতে পারে, আর সেই লক্ষ্যেই এই নতুন সময়সূচি জারি করা হয়েছে।