
ছবি: সংগৃহীত
মালয়েশিয়া থেকে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে অবৈধভাবে নিজ দেশে ফেরার চেষ্টাকালে ৪ বাংলাদেশিসহ মোট ৩৪ জন অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। পেরাক রাজ্যের বাগান দাতুক এলাকার কাম্পুং সুঙ্গাই পায়ুং গ্রামে পরিচালিত পৃথক দুটি সাঁড়াশি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পেরাক রাজ্যের পুলিশ প্রধান নূর হিসাম নূরদিন এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃতদের মধ্যে ২১ জন ইন্দোনেশীয় পুরুষ, ৪ জন বাংলাদেশি পুরুষ এবং ৯ জন ইন্দোনেশীয় নারী রয়েছেন। মূলত দালালের মাধ্যমে সমুদ্রপথে পাড়ি দেওয়ার জন্য তারা ওই এলাকায় জড়ো হয়েছিলেন।
অভিযান চলাকালে এই পাচার চক্রের দুই মূল হোতাকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এদের মধ্যে ৪৪ বছর বয়সি এক ইন্দোনেশীয় নাগরিককে ঝোপঝাড় এলাকা থেকে এবং ৩৩ বছর বয়সি অপর একজনকে হুতান মেলিনতাংয়ের একটি হোটেল থেকে আটক করা হয়। তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ৩৩ বছর বয়সি ওই ব্যক্তিই অভিবাসীদের খাবার ও পরিবহনের পুরো বিষয়টি তদারকি করতেন।
পুলিশের তথ্যমতে, প্রথম অভিযানটি চালানো হয় গত শুক্রবার সন্ধ্যায়। সেখানে দেখা যায়, বাংলাদেশের চার নাগরিক ঝোপঝাড়ে ব্যাগে কাপড় ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পাড়ি দেওয়ার অপেক্ষায় ছিলেন। বর্তমানে আটককৃত ৪ বাংলাদেশিসহ সকল অভিবাসীকে ইপো ইমিগ্রেশন অফিসে রাখা হয়েছে। মালয়েশীয় ইমিগ্রেশন আইনের আওতায় আদালত তাদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাদের পরিচয় ও নথিপত্র যাচাই-বাছাইয়ের কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।