
শামা ওবায়েদ ইসলাম, আফরোজা খানম রিতা এবং ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল
নতুন বাংলাদেশের পথচলায় রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল নবগঠিত মন্ত্রিসভা। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে শপথ নিলেন নতুন সরকারের তিন প্রভাবশালী নারী সদস্য— আফরোজা খানম রিতা, শামা ওবায়েদ ইসলাম এবং ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই সরাসরি মন্ত্রিসভায় স্থান পাওয়া এই তিন নেত্রী যেমন নিজ নিজ এলাকার ইতিহাস বদলে দিয়েছেন, তেমনি তাঁদের হাত ধরে দেশের গুরুত্বপূর্ণ তিনটি খাতে নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।
আফরোজা খানম
মানিকগঞ্জ-৩ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচিত হয়েই সরকারের গুরুত্বপূর্ণ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম (রিতা)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি কর্তৃক নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণের পর তাঁর দপ্তর বণ্টনের বিষয়টি নিশ্চিত করা হয়।
স্বাধীনতার পর এই আসন থেকে নির্বাচিত প্রথম নারী সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়েছিলেন তিনি। এবার সরাসরি মন্ত্রিসভায় স্থান পেয়ে মানিকগঞ্জবাসীর জন্য আরও বড় গৌরবের উপলক্ষ নিয়ে এলেন এই নেত্রী। নির্বাচনে ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে তিনি বিশাল ব্যবধানে জয়ী হন।

বাবা প্রয়াত প্রখ্যাত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নুর হাত ধরে রাজনীতিতে আসা রিতা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি তিনি দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসেবেও সফলভাবে নেতৃত্ব দিচ্ছেন। ২০০১ সালে বাবার নির্বাচনের প্রধান সমন্বয়কারী হিসেবে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল। পরবর্তীতে জেলা ও জাতীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পর এবার সরাসরি মন্ত্রিসভায় স্থান করে নিলেন তিনি।
শামা ওবায়েদ ইসলাম
নতুন সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন।
শামা ওবায়েদ কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং দলের পররাষ্ট্র বিষয়ক কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য। এবারের নির্বাচনে তিনি ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থীর চেয়ে ৩২ হাজার ৩৮৯ ভোটের ব্যবধানে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই সরাসরি মন্ত্রিসভায় স্থান পেলেন।

শামা ওবায়েদ ইসলাম
প্রয়াত প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের কন্যা শামা ওবায়েদ দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। নির্বাচনি এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ ও জনগণের পাশে থাকার কারণে ভোটারদের ভালোবাসায় তিনি বিপুল ভোটে জয়ী হন। আজ শপথ নেওয়ার পর তিনি জানিয়েছেন, সংসদকে কার্যকর ও স্বচ্ছ করার পাশাপাশি নতুন বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক সম্পর্ক পুনর্গঠনে তিনি নিবেদিত হয়ে কাজ করবেন।
ফারজানা শারমিন পুতুল
নতুন সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে শপথ গ্রহণের পর তাঁকে এই গুরুত্বপূর্ণ দুটি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়।
উত্তরাঞ্চলের দুই বিভাগের ৭২টি সংসদীয় আসনে নির্বাচিত একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে তিনি সরাসরি মন্ত্রিসভায় স্থান পেয়ে এক অনন্য ইতিহাস গড়লেন। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী পুতুল তাঁর বাবা, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের সুযোগ্য উত্তরসূরি হিসেবে রাজনীতিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল
দলের অভ্যন্তরীণ ও নির্বাচনী নানা প্রতিকূলতা জয় করে ১২ হাজার ৭৬৬ ভোটের ব্যবধানে জয়ী হওয়া এই নেত্রী এখন থেকে দেশের নারী, শিশু ও সামাজিক নিরাপত্তা খাতের উন্নয়নে কাজ করবেন। তাঁর এই নিয়োগে নাটোরসহ পুরো উত্তরবঙ্গের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
নিজেদের মেধা, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই তিন নেত্রী নির্বাচনী বৈতরণী পার হয়ে আজ সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আসীন হয়েছেন। পর্যটন, পররাষ্ট্র এবং নারী ও শিশু অধিকারের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে তাঁদের নেতৃত্ব নতুন দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় বড় ভূমিকা রাখবে। মানিকগঞ্জ, ফরিদপুর ও নাটোর ছাড়িয়ে এখন সারা দেশের মানুষের প্রত্যাশা, দেশের উন্নয়নে এই তিন নারী নেত্রী সততা ও নিষ্ঠার সাথে এক নতুন যুগের সূচনা করবেন।