
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার বড় চমকের নাম জিম্বাবুয়ে। শক্তিশালী অস্ট্রেলিয়াকে বিদায় করে সুপার এইটে জায়গা করে নিয়েছে আফ্রিকার দলটি। শেষ ম্যাচে মাঠে বল না গড়ালেও ভাগ্য সহায় ছিল জিম্বাবুয়ের, আর সেই ফলেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল অজিরা।
গ্রুপ পর্বে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি হওয়ার কথা ছিল মঙ্গলবার। তবে ঝড়ো বৃষ্টিতে টস পর্যন্ত করা যায়নি। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং দুই দলই পায় ১ পয়েন্ট করে।
এই ১ পয়েন্টই ছিল জিম্বাবুয়ের জন্য সোনার চেয়ে দামী। ম্যাচের আগে তাদের সংগ্রহ ছিল ৪ পয়েন্ট। সুপার এইটে উঠতে দরকার ছিল মাত্র ১ পয়েন্ট। অন্যদিকে অস্ট্রেলিয়ার ঝুলিতে ছিল ২ পয়েন্ট। শেষ ম্যাচ জিতলেও সর্বোচ্চ ৪ পয়েন্টে পৌঁছাতে পারত তারা। ফলে জিম্বাবুয়ের পয়েন্ট পাওয়া মানেই ছিল অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হওয়া।
বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় জিম্বাবুয়ের পয়েন্ট দাঁড়ায় ৫। গ্রুপ ‘বি’ থেকে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে জায়গা করে নেয় তারা। আয়ারল্যান্ডের পয়েন্ট দাঁড়ায় ৩, তারাও ছিটকে যায় প্রতিযোগিতা থেকে।
এর আগে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের কাছে হেরে কঠিন সমীকরণে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। চোটজর্জর দলটি পুরো টুর্নামেন্টেই ছিল ছন্দহীন। শেষ ম্যাচে ওমানের বিপক্ষে তাদের লড়াই এখন শুধুই আনুষ্ঠানিকতা, কারণ সুপার এইটের দরজা ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে তাদের জন্য।
অন্যদিকে, ধারাবাহিক লড়াকু পারফরম্যান্সে জিম্বাবুয়ে লিখেছে নতুন ইতিহাস। বড় দলকে পেছনে ফেলে সুপার এইটে ওঠা তাদের জন্য শুধু সাফল্য নয়, বিশ্ব ক্রিকেটে শক্ত বার্তাও। এবারের বিশ্বকাপে অন্যতম বড় চমক হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে জিম্বাবুয়ের এই কীর্তি।