
ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কার্যালয়ে একান্ত সচিব-১ (পিএস), সহকারী একান্ত সচিব-১ (এপিএস) এবং প্রোটোকল অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী-কে প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী যতদিন তার পদে বহাল থাকবেন অথবা সচিবকে এ পদে রাখার নির্দেশ দেবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে।
এছাড়া প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী। একই সঙ্গে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ পদে নিয়োগ পেয়েছেন সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে মঙ্গলবার বিকেলে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৫০ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এ ছাড়া মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।