
ইরফান সাজ্জাদ
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সতর্কবার্তা দিয়েছেন। নতুন সরকারের শপথ গ্রহণের পর শিক্ষাব্যবস্থায় কঠোরতা বাড়তে পারে—এমন ইঙ্গিতের প্রেক্ষাপটে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে এ বার্তা দেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক স্ট্যাটাসে ইরফান সাজ্জাদ লেখেন, ‘শিক্ষার্থীরা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাস করে গেছ, তারা আল্লাহর ওয়াস্তে পড়তে বসো। এই লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই।’
ওই পোস্টের সঙ্গে সদ্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের একটি ছবি যুক্ত করেন তিনি। একই সঙ্গে অতীতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে ইরফান সাজ্জাদ লেখেন, ‘আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল ২৮ শতাংশ। আর সেই সময়ে এই ভদ্রলোক শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন।’
পোস্টটি প্রকাশের পর মুহূর্তের মধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সাত শতাধিকবার শেয়ার হওয়া ওই পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেন ও ভক্তরা নানা রসাত্মক প্রতিক্রিয়া জানান।
তাহের রাব্বী নামের একজন মন্তব্য করেন, ‘আবার সেই পুরোনো দিনের মতো এসএসসি, এইচএসসি পাস করলে এলাকাবাসী দেখতে আসবে।’
শোয়েব তাহসিন লেখেন, ‘এখন যদি সবাই পড়তে বসে, তাহলে তোমাদের নাটক কে দেখবে?’ রেহনুমা নামে আরেকজন মন্তব্য করেন, ‘সেই যুগের ফাইভ পাস এই যুগের মাস্টার্স পাসের সমান।’