
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখওয়াত হোসেন || ফাইল ছবি
সদ্য দায়িত্বপ্রাপ্ত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো ধরনের সিন্ডিকেট চলবে না। এই মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হতে পারবে না। আগেরদিন শপথ নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথমদিনের অফিস করেন তিনি। এসময় চিকিৎসকদেরও কড়া বার্তা দেন নতুন মন্ত্রী। `
তিনি বলেন, ‘কারও চাপে কোনো কাজ হবে না। মানুষের কল্যাণে কাজ করব।’
চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘৯ টার অফিস ১২টায় গেলে হবে না।’
‘সাতদিনের মধ্যে হাসপাতালগুলোতে ভিজিট শুরু হবে। এক মাসের মধ্যে ডাক্তারদের কর্মস্থলে সঠিক সময়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে,’ যোগ করেন তিনি।
স্বাস্থ্যখাতে জনবল সংকটের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জনবল ঘাটতি আছে কিনা, তা যাচাই করা হবে। প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এসময় স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যাশার কথাও জানিয়েছেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী।
সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘দেশের মানুষের মধ্যে স্বাস্থ্যখাত নিয়ে যে আস্থাহীনতা তৈরি হয়েছে, তা দূর করতে হবে।’
তিনি বলেন, ‘চিকিৎসার মান বাড়াতে পারলে মন্ত্রী-এমপিসহ সাধারণ মানুষের বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমবে।’
স্বাস্থ্যমন্ত্রী নিজের চিকিৎসার ক্ষেত্রেও দেশের ব্যবস্থার ওপর নির্ভর করতে চান। তিনি বলেন, ‘আমার কিছু হলেই যেন বিদেশ যেতে না হয়, সেই চেষ্টা করব।’
তিনি আরও বলেন, ‘একেবারে জটিল ও যার চিকিৎসা দেশে নেই এমন পরিস্থিতি ছাড়া দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না।’
এসময় স্বাস্থ্যখাত নিয়ে বিএনপি ঘোষিত ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারের বিষয়গুলো বাস্তবায়নে কাজ করার কথাও জানান মন্ত্রী।