
প্রধানমন্ত্রী তারেক রহমান সাহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠক শেষে মো. নুরুল হক নুর জানান, সরকারের প্রতি জনগণের আস্থার প্রতিফলন হিসেবে সব মন্ত্রণালয়কে প্রভাব ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আসন্ন রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড কর্মসূচিতে দ্রুত দৃশ্যমান অগ্রগতির নির্দেশ দেওয়া হয়। ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে অংশ নেয়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যভিত্তিক শ্রমবাজার পুনরায় সম্প্রসারণের বিষয়ে প্রস্তাব তুলে ধরা হয়। এ প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়কার উদ্যোগের ধারাবাহিকতার কথাও উল্লেখ করা হয়।
এ ছাড়া সরকার ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করবে বলেও জানান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।