
সংগৃহীত ছবি
নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে দাপট দেখিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ এ নারী ক্রিকেট দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়া নারী ক্রিকেট দলকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা তিন জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে টাইগ্রেসরা। এর আগে তারা শ্রীলঙ্কা ও থাইল্যান্ডকে হারায়।
ব্যাংককে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার ইশমা তানজিম দ্রুত ফিরলে শারমিন সুলতানা ৩০ ও রুবিয়া হায়দার ১৪ রান করে প্রাথমিক ধাক্কা সামাল দেন। তবে পাওয়ার প্লে শেষে ৫২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দল।
সেই বিপর্যয় সামাল দেন অভিজ্ঞ লতা মন্ডল ও অধিনায়ক ফাহিমা খাতুন। তাদের ৫৫ রানের গুরুত্বপূর্ণ জুটিতে লড়াইয়ের ভিত পায় বাংলাদেশ। ফাহিমা ২৯ রান করে আউট হলেও লতা আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান। ৪৪ বলে ৫৮ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। শেষদিকে সাদিয়া আক্তারের ১১ বলে ১৯ রানের ঝোড়ো ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান তোলে বাংলাদেশ।
১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে মালয়েশিয়া। ইনিংসের তৃতীয় ওভারেই ফাতেমা জাহান টানা দুই বলে দুই উইকেট নিয়ে প্রতিপক্ষকে বড় ধাক্কা দেন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৯ উইকেটে মাত্র ৬১ রানেই থামে মালয়েশিয়ার ইনিংস।
বল হাতে ফাতেমা জাহান ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট নেন। শরিফা খাতুন শিকার করেন ২ উইকেট। ব্যাটে ফিফটির পর বল হাতেও অবদান রাখেন লতা মন্ডল; ২ ওভারে মাত্র ২ রান দিয়ে নেন ১ উইকেট। অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচসেরার পুরস্কার ওঠে তার হাতেই।
গ্রুপ পর্বে টানা তিন জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ এখন শিরোপার লক্ষ্যে এগোতে চায়। আগামী শুক্রবার সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে টাইগ্রেসরা।