
ফাইল ছবি
পবিত্র রমজান মাসকে সামনে রেখে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নিজের ফেসবুক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি। প্রতিমন্ত্রী জানান, রমজানে বাজারে কৃত্রিম সংকট ও মূল্য কারসাজির বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে।
ফেসবুক পোস্টে তিনি বলেন, রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও ভোগ্যপণ্যের বড় আমদানিকারক সিন্ডিকেট- বসুন্ধরা গ্রুপ, ফ্রেশ গ্রুপ, সিটি গ্রুপ, টিকে গ্রুপ, নাবিল গ্রুপ ও এসিআই লিমিটেডসহ মজুতদার ও পাইকারদের উদ্দেশে কঠিন হুঁশিয়ারি দিচ্ছি। আমার নির্বাচিত সংসদীয় এলাকা থেকেই কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হবে, এরপর যতদূর সম্ভব অভিযান চালানো হবে।
তিনি আরও বলেন, কোনো বড় নেতা, মন্ত্রী বা সরকারি কর্মকর্তার নাম ব্যবহার করে কেউ যেন অবৈধ সুবিধা নিতে না পারে—সেই সুযোগ দেওয়া হবে না। সকল মাফিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। সাধারণ ও নিম্নআয়ের মানুষ ঠিকমতো খেতে না পারলে, এসব মাফিয়ার বাড়িতেও রান্না হবে না—এই অঙ্গীকারও করেন তিনি।