
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কের গতি আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে পাঠানো এক চিঠিতে ট্রাম্প লেখেন, ‘আমেরিকান জনগণের পক্ষ থেকে আপনাকে ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানাই এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সফল মেয়াদ কামনা করি।’
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্পের চিঠিটি আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা হয়েছে।
চিঠিতে ট্রাম্প আরও উল্লেখ করেন, দুই দেশের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক গড়ে তোলার অভিন্ন স্বার্থের ভিত্তিতে প্রতিষ্ঠিত, যেখানে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলো সমৃদ্ধ হতে পারে।
তিনি আরও বলেন, তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য সম্পর্কে যে ইতিবাচক গতি তৈরি হয়েছে, তা ধরে রাখতে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে উদ্যোগী হবেন বলে তিনি আশা করেন। এ চুক্তি দুই দেশের কৃষক ও শ্রমিকদের জন্য উপকারী হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প।
এছাড়া নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, এর মাধ্যমে বাংলাদেশের সামরিক বাহিনী উচ্চমানের মার্কিন সামরিক সরঞ্জামে প্রবেশাধিকার পাবে।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করতে একসঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প