
সিলেটস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস জানিয়েছেন, ভ্রমণ ভিসাসহ সব ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা চালু রয়েছে এবং অন্যান্য ক্যাটাগরির ভিসা পুনরায় চালুর প্রক্রিয়াও এগিয়ে চলছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনিরুদ্ধ দাস বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতেই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক গড়ে উঠেছে এবং এই সম্পর্ককে আরও স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি করতে দুই দেশের জনগণই প্রধান ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ভৌগোলিক নৈকট্য, সাংস্কৃতিক ঐতিহ্যের মিল এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতাকে কাজে লাগিয়ে উভয় দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে সাংবাদিকরা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
চব্বিশের অভ্যুত্থানের পর সৃষ্ট রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তার ফলে ভিসা কার্যক্রম সীমিত হয়ে পড়ে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সিলেট ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা ও সংস্কৃতি বিনিময় এবং যোগাযোগব্যবস্থা উন্নয়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি ‘এইড টু বাংলাদেশ’ ও এলওসি প্রকল্পের আওতায় সিলেট অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণের আহ্বান জানানো হয়।
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প