
১ টাকায় ইফতার বিতরণ। ছবি: সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মাত্র ১ টাকায় সুস্বাদু ইফতার সামগ্রী বিতরণ শুরু করেছে ‘আমরা কলাপাড়াবাসী’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রমজানের প্রথম দিন থেকেই এ ব্যতিক্রমী কার্যক্রম চালু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় পৌর শহরের মনোহরীরপট্টি এলাকায় দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল ছোলা, মুড়ি, খেজুর, জিলাপি, বেগুনি ও আলুর চপ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো রমজান মাসজুড়ে প্রতিদিন এ কার্যক্রম চলবে।
মাত্র ১ টাকায় ইফতার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিম্ন আয়ের মানুষজন। রিকশাচালক সোবহান মিয়া বলেন, যাত্রী পৌঁছে দেওয়ার পথে কিছু শিক্ষার্থী তাকে থামিয়ে ১ টাকার বিনিময়ে একটি ইফতার প্যাকেট দেন। “প্যাকেটে যে খাবার ছিল, তা আমি কিনে খেতে পারতাম না। তাদের প্রতি অনেক কৃতজ্ঞ,” বলেন তিনি।
শ্রমিক সোহেল হোসেন জানান, কাজ শেষে ইফতার করতে যাওয়ার সময় তিনিও একইভাবে একটি প্যাকেট পান। তিনি বলেন, “১ টাকায় এত খাবার পেয়ে খুবই খুশি হয়েছি।”
দর্জি দোকানি আব্দুল খালেক বলেন, সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে এলে গরিব মানুষের কষ্ট অনেকটাই লাঘব হতো।
সংগঠনের সভাপতি নাজমুস সাকিব জানান, প্রতিবছরের মতো এ বছরও সদস্যদের চাঁদায় এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। তিনি বলেন, “আজ সুতোপট্টি সংলগ্ন এলাকায় ইফতার বিতরণ করেছি। আগামীকাল ভিন্ন এলাকায় আরও ২০০ প্যাকেট বিতরণ করা হবে।”
তিনি আরও জানান, সমাজের বিত্তবান কেউ চাইলে এ মহৎ উদ্যোগে শরিক হতে পারেন।