
তারেক রহমান ও কিয়ার স্টারমার। ছবি: সংগৃহীত
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারত্ব আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে দুই দেশের অভিন্ন অগ্রাধিকার বাস্তবায়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশার কথাও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।
বার্তায় স্টারমার বলেন, বাংলাদেশের নির্বাচনে বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন। তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্য ও বাংলাদেশ-এর মধ্যে ঘনিষ্ঠ ও ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান, যা অভিন্ন মূল্যবোধ ও সমৃদ্ধ ইতিহাসের ভিত্তিতে আরও শক্তিশালী হবে বলে তিনি বিশ্বাস করেন।
তিনি আরও জানান, দুই দেশের অংশীদারত্বের নতুন অধ্যায়ে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে যুক্তরাজ্য আগ্রহী। বাংলাদেশে অন্যতম বৃহৎ বৈদেশিক বিনিয়োগকারী দেশ হিসেবে যুক্তরাজ্য পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায়।
অবৈধ অভিবাসন মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিরোধ এবং দীর্ঘদিনের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারেও আরও সমন্বয়ের প্রত্যাশা ব্যক্ত করেন স্টারমার। পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের উদারভাবে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
পরিশেষে, দুই দেশের সম্পর্কের ‘পরবর্তী অধ্যায়’ সফল ও সমৃদ্ধ হবে বলে তিনি চিঠিতে আশাবাদ ব্যক্ত করেন।