
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশের চলমান গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই এবং এটি ঢাকার একটি বিশেষ ‘এলিট গোষ্ঠী’ সাধারণ জনগণের ওপর চাপিয়ে দিয়েছে।
সম্প্রতি ভোলার লালমোহন উপজেলার উত্তর বাজার এলাকার মদন মোহন মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ জানান, প্রাথমিকভাবে বিএনপি গণভোট নিয়ে একমত ছিল না। তবে দলের কাছে প্রতীয়মান হয়েছিল, বিএনপি রাজি না হলে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না বা নির্বাচনই সম্ভব হবে না। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে বিএনপি ‘জুলাই সনদে’ স্বাক্ষর করেছে।
সংবিধান সংশোধনের প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে তিনি বলেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজ কেবল জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই করতে পারেন। দেশের জনগণ এখনও এই ধরনের গণভোটের জন্য প্রস্তুত নয়। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, যেভাবে গণভোট প্রচার করা হয়েছে, তার মধ্যেও রয়েছে নানাবিধ বিভ্রান্তিকর বিষয়।
গণভোট ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।