
ছবি: সংগৃহীত
বিয়ের প্রলোভনে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে সাদিয়া রহমান মিথিলার দায়ের করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের মাঝিড়া বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শাজাহানপুরের মাঝিড়া বন্দরে পৌঁছালে তারা হিরো আলমের গাড়ির পিছু নেয়। এক পর্যায়ে ধাওয়া চালিয়ে গাড়িটি থামানো হয় এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আনোয়ারুল হক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।
অভিযোগে বলা হয়েছে, হিরো আলম মিথিলাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতন চালিয়েছেন এবং গর্ভপাত করাতে বাধ্য করেছিলেন। তবে হিরো আলম এ অভিযোগ অস্বীকার করেন। মিথিলা ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, গ্রেফতারকৃত হিরো আলমকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আদালত বাকি আইনি ব্যবস্থা দ্রুত নেবেন।