
ছবি: সংগৃহীত
মৌলভীবাজার জেলার ভৈরববাজার এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে ভৈরববাজারের গিয়াসনগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সিএনজি চালক ও দুই যাত্রী রয়েছেন।
নিহতরা হলেন—অটোরিকশা চালক আলিনুর, যাত্রী রেহান ও রুবেল মিয়া। নিহত আলিনুরের বাড়ি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামে। আর রেহান ও রুবেল মিয়ার বাড়ি সদর উপজেলার দরগা মহল্লা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ দুই যাত্রী নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহত কেউ ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।
স্থানীয়দের দাবি, ওই সড়কে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা সড়কে নজরদারি বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।