
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা || ফাইল ছবি
কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার শহরের বাইপাস সড়কে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সিএনজিচালক, একজন পুরুষ ও তিনজন নারী যাত্রী রয়েছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। যার মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। এরা হলেন, আমেনা, কমেলা, জাকারিয়া ও আশরাফুল।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আবু ওবায়েদ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবোঝাই সিএনজিটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটির সঙ্গে সরাসরি ধাক্কা খায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদেরও মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ তা স্বাভাবিক করে।
এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।