
সংগৃহীত ছবি
রাজশাহী জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে গিয়ে স্লোগান দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় তাদের হাতে জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর ছবি দেখা যায়।
নগরের উপকণ্ঠ সিটিহাট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের এই কার্যালয়ে ২০২৪ সালের ৫ আগস্ট ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। দরজা-জানালা এমনকি ইট পর্যন্ত খুলে নেওয়া হয়। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সম্প্রতি সেখানে কয়েকজনের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ৮টার দিকে ১২ থেকে ১৫ জন নেতাকর্মী কার্যালয়ের সামনে জড়ো হন। পরে তাদের মধ্যে চারজন ক্যামেরার সামনে দাঁড়িয়ে স্লোগান দেন। এদের দুজন মাস্ক পরিহিত ছিলেন, একজনের মাথায় ছিল হেলমেট। আরেকজনের মুখ খোলা ছিল।
স্লোগানে তারা এ এইচ এম খায়রুজ্জামান লিটন, আসাদুজ্জামান আসাদ, আহসানুল হক মাসুদ ও রাসিক দত্ত-এর নামও উচ্চারণ করেন। প্রথমে কার্যালয়ের সামনে ছবি ও পতাকা হাতে স্লোগান দেওয়া হয়। পরে তারা ভবনের ভেতরে প্রবেশ করে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টানানোর চেষ্টা করেন।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও তাদের কার্যক্রম নিষিদ্ধ। দলীয় কার্যালয়ে গিয়ে এ ধরনের কর্মকাণ্ডের সুযোগ নেই। পুলিশের নজরে এলে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হতো।”