
ফাইল ছবি
দেশের সৃজনশীল প্রকাশকদের অস্থায়ী প্ল্যাটফর্ম প্রকাশক ঐক্য অস্বচ্ছ বরাদ্দ, পূর্বসমঝোতা বাস্তবায়নে বাংলা একাডেমির ব্যর্থতা এবং চরম সময়স্বল্পতার কারণে এবার অমর একুশে বইমেলায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে দেওয়া বিবৃতিতে তারা জানায়, স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দে স্বচ্ছতা না থাকা, সব প্যাভিলিয়ন বাতিল করে সমতার ভিত্তিতে স্টল দেওয়ার মৌখিক সমঝোতা কার্যকর না হওয়া এবং এখনো স্টল নম্বরের লটারি না হওয়ায় বাস্তবিকভাবে মেলায় প্রস্তুতি নেওয়া অসম্ভব হয়ে পড়েছে।
প্রকাশক ঐক্যের অভিযোগ, আন্দোলনের সময় অযোগ্য প্রকাশকদের প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে এবং এতে মূলধারার প্রকাশকদের জন্য ছোট স্টলে অংশ নেওয়া অমর্যাদাকর ও বৈষম্যমূলক হবে। তারা আরও জানায়, সরকারের পক্ষ থেকে স্টলভাড়া মওকুফ হলেও অবকাঠামো নির্মাণ ও প্রস্তুতির ন্যূনতম সময় নিশ্চিত না হওয়ায় সেই সুবিধা কার্যকর নয়।
তবে কোনো প্রকাশক ব্যক্তিগত সিদ্ধান্তে মেলায় অংশ নিতে চাইলে তাতে তাদের আপত্তি থাকবে না বলে জানানো হয়। বিবৃতিতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে প্রকাশক ঐক্য আশাবাদ ব্যক্ত করে, সরকার দ্রুত প্রকাশনা শিল্প রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে।