
সংগৃহীত ছবি
২০২৫ সালে বাংলাদেশি নাগরিকদের জন্য ৭ লাখ ৫০ হাজার কাজের ভিসাসহ মোট ১৪ লাখ ভিসা ইস্যু করেছে সৌদি আরব। রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ড. খলিলুর রহমানের সঙ্গে আরব–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। জবাবে পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদার হিসেবে উল্লেখ করেন।
তিনি স্মরণ করেন, ১৯৭৬ সালে বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সূচনা হয়, যা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল। এ সময় মুসলিম বিশ্বে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় সৌদি নেতৃত্বের ভূমিকাও প্রশংসা করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা জানান এবং বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানিসহ বিভিন্ন অগ্রাধিকার খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সৌদি আরবের মানবিক সহায়তার প্রশংসা করে মিয়ানমারে টেকসই প্রত্যাবাসনে দেশটির সমর্থন কামনা করেন।
রাষ্ট্রদূত জানান, সৌদি আরবে চলমান বড় উন্নয়ন প্রকল্পে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এ ছাড়া তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।