
বলিউড তারকা কৃতি স্যানন ও লন্ডনভিত্তিক ব্যবসায়ী কবীর বাহিয়ার সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই বি-টাউনে গুঞ্জন চলছিল। এবার আর আড়ালে নয়—বিদেশের রাস্তাতেই প্রকাশ্যে দেখা গেল এই জুটিকে।
সম্প্রতি লন্ডনের রাস্তায় দুজনকে হাত ধরে হাঁটতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কৃতি ও কবীর স্বচ্ছন্দ ভঙ্গিতে একসঙ্গে হাঁটছেন। এ সময় কৃতির পরনে ছিল বাদামি রঙের হাই-নেক টি-শার্ট, নীল ডেনিম ও পিচ রঙের জ্যাকেট। অন্যদিকে কবীর ছিলেন নেভি ব্লু জিনস ও জ্যাকেটে।
অনেকের ধারণা, কৃতির বর্তমান হেয়ারস্টাইল দেখে বোঝা যাচ্ছে—ভিডিওটি সাম্প্রতিক সময়ের। ফলে নতুন করে ভক্তদের মাঝে কৌতূহল তৈরি হয়েছে।
বি-টাউনে শোনা যাচ্ছে, খুব শিগগিরই এই জুটির বিয়ের পরিকল্পনাও থাকতে পারে। তাই অনেক নেটিজেনই তাদের লন্ডন সফরকে ‘আগাম হানিমুন’ বলেও আখ্যা দিচ্ছেন। তবে সম্পর্কের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি কৃতি বা কবীর।
এর আগেও গ্রিসে কৃতির জন্মদিন উদযাপনের সময় তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। পরে কৃতির বোন নূপুর স্যাননের বিয়েতেও কবীরের উপস্থিতি নজর কাড়ে। এরপর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়।
বর্তমানে কৃতি লন্ডনেই অবস্থান করছেন বলে জানা গেছে। বারবার একসঙ্গে প্রকাশ্যে দেখা যাওয়ায় তাদের বিয়ের খবর শোনার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।