
ছবি: সংগৃহীত
নেত্রকোনার পূর্বধলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টানিয়েছে নেতাকর্মীরা। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে পূর্বধলা বাজারে দলটির কার্যালয়ের সামনে (মুরগী মহল সংলগ্ন) এই ‘উদ্বোধনী’ ব্যানার দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, ভোরে কয়েকজনকে স্লোগান দিতে শোনা যায়। তারা স্থানীয় তরুণ আওয়ামী লীগ নেতা অমানুর রশিদ খান জুয়েলের নাম উল্লেখ করে স্লোগান দেন। ধারণা করা হচ্ছে, সাংগঠনিক তৎপরতা পুনরায় সক্রিয় করার লক্ষ্যেই এই ঝটিকা কর্মসূচি পালন করা হয়েছে।
কার্যালয়টি ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বন্ধ ছিল। সেই সময় বিক্ষুব্ধ জনতা আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করেন। এরপর থেকে এটি কার্যত অচল ছিল।
দীর্ঘ বিরতির পর হঠাৎ ব্যানার টানানোর ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি দলীয় সাংগঠনিক তৎপরতা পুনরায় সক্রিয় করার ইঙ্গিত।
এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল ও বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকতে দেখা গেছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, ব্যানার টানার বিষয়টি শুনেছেন, তবে পরে তা আর দেখা যায়নি। সুনির্দিষ্ট তথ্য পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।