
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি মসজিদে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মসজিদের ভেতরে থাকা বিভিন্ন মালামাল ও স্থাপনা পুড়ে গেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার বারবাড়ীয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. দেলোয়ার হোসেন।
তিনি জানান, টিনশেড নির্মিত একটি মসজিদে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। রাত ৪টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই মসজিদের ভেতরে থাকা কার্পেট, জেনারেটর, ফ্যানসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। স্থানীয়দের সহায়তায় মসজিদের কিছু টিন অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার সময় মসজিদের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।