
কোনো ধরনের প্রটোকল বা নিরাপত্তা ছাড়াই রিকশায় চলাচল করছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রোববার সকালে তিনি নিজের বাসা থেকে রিকশায় করে ব্যক্তিগত অফিসে যান রাজশাহী নগরীর সাহেব বাজার এলাকায়। পথে সাধারণ মানুষের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীতে চলাচলের জন্য তার একমাত্র বাহন রিকশাই। বাজার করা থেকে শুরু করে দৈনন্দিন কাজেও তিনি নিয়মিত রিকশা ব্যবহার করেন। এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন পাওয়ার পরও রিকশায় চড়েই প্রচারণা চালান তিনি।
সদ্যসমাপ্ত নির্বাচনে জয়ী হয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিনু ভূমিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম সরকারি সফরে নিজ শহরে ফিরেই আবারও প্রটোকলবিহীন সাধারণ মানুষের সঙ্গে মিশে চলাচল করছেন, যা নগরবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।