
বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে জামিন দিয়েছেন আদালত।
হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) গালিগালাজ ও হুমকির অভিযোগে গ্রেপ্তার হওয়া উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে জামিন দিয়েছেন আদালত।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বাহুবল আমলি আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্কের পর ৯ নম্বর ম্যাজিস্ট্রেট তানজিনা রহমান তানিন তার জামিন মঞ্জুর করেন। পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত তাকে অস্থায়ী জামিন দেওয়া হয়েছে।
হবিগঞ্জ আদালতের পরিদর্শক সোহেল রানা জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫ হাজার টাকা বেইল বন্ডে তুষার চৌধুরীর জামিন মঞ্জুর করা হয়েছে।
এর আগে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। সেখানে বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে উদ্দেশ্য করে অশালীন ভাষা ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তুষার চৌধুরীর বিরুদ্ধে।
বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। এরই প্রেক্ষিতে রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এদিকে সোমবার সকালে তুষার চৌধুরীকে আদালতে হাজির করার সংবাদে আদালত প্রাঙ্গণে জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তার মুক্তির দাবিতে তারা সেখানে বিক্ষোভ মিছিল করেন।