
ফাইল ছবি
বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগে আবারও গ্রেপ্তার হয়েছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ। বর্তমানে তাকে থানা হাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ডিএমপির ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন জানান, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন অভিযোগে নোবেল আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। নতুন করে গ্রেপ্তারের ঘটনায় আবারও আলোচনায় এসেছেন এই কণ্ঠশিল্পী।