
মানিকগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রবাসীদের জন্য একটি নিরাপদ ও স্বস্তিদায়ক ‘কমফোর্ট জোন’ হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
তিনি বলেন, প্রবাসীরা যেন বিমানবন্দরে এসে নিরাপদ ও সম্মানিত বোধ করেন, সে লক্ষ্যেই কাজ করবে সরকার। বিমানের টিকিট নিয়ে যারা অনিয়মের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম মন্ত্রিত্ব পাওয়ার পর এটাই ছিল তাঁর নিজ জেলায় প্রথম পরিদর্শন।
মন্ত্রী বলেন, বিমানবন্দরের সার্বিক মান উন্নয়ন করে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা সরকারের অন্যতম লক্ষ্য। যাত্রীসেবা, নিরাপত্তা ও ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তৃতীয় টার্মিনালের কার্যক্রম, হজযাত্রী সেবা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
নিজ জেলা মানিকগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে আফরোজা খানম বলেন, জেলার ঐতিহ্যবাহী স্থাপনাগুলোকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বালিয়াটি জমিদারবাড়ি ও তেওতা জমিদারবাড়ির উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব ঐতিহ্য সংরক্ষণ ও পর্যটনবান্ধব পরিবেশ তৈরিতে উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া মানিকগঞ্জের পাশ দিয়ে প্রবাহিত যমুনা নদীকে পর্যটন-উপযোগী করে গড়ে তোলা যায় কি না, তা পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। দেশি-বিদেশি পর্যটকদের কাছে নদীকেন্দ্রিক পর্যটনের সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।