
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের সূচি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে পূর্ণাঙ্গ এই সিরিজ অনুষ্ঠিত হবে। সফরে প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে অজিদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে লড়বে তারা। সেই ব্যস্ত সূচি শেষ করেই বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে মাঠে নামবে স্বাগতিকরা।
টাইগারদের এই সফর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে, যা টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সিরিজের প্রথম টেস্টটি ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে। এরপর ২৩ থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি।
টেস্ট সিরিজ শেষ হওয়ার পর দুই দল সাদা বলের লড়াইয়ে নামবে। ১, ৪ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের সেরা প্রস্তুতি সারতে এই সিরিজটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
সফরের শেষ অংশে থাকছে টি-টোয়েন্টি রোমাঞ্চ। ১০ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ দিয়েই বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের পর্দা নামবে।
সিএসএ-র প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি জানান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডের মতো দলগুলোকে আতিথ্য দিতে তারা পুরোপুরি প্রস্তুত। তিনি আরও যোগ করেন, প্রতিটি ওয়ানডে সিরিজই ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির অংশ এবং তারা কেবল আয়োজক নয়, বরং চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই দলকে গুছিয়ে নিতে চান।