
দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোকে মূল্যস্ফীতির চাপ থেকে স্বস্তি দিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি
দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোকে মূল্যস্ফীতির চাপ থেকে স্বস্তি দিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে সকাল সাড়ে ১০টায় নিউমুরিং টার্মিনাল বিষয়ে অপর একটি সভা শুরু হয়।
উভয় সভায় অর্থ, পররাষ্ট্র, আইন, খাদ্য ও কৃষি মন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান অংশগ্রহণ করবেন।
সরকার সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ডের এই পাইলট প্রকল্প খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে। এই কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোকে নিয়মিত নগদ সহায়তা প্রদান করা হবে। সহায়তার এই অর্থ সরাসরি পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে পৌঁছে দেওয়া হবে। কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে প্রতিটি পরিবারের তথ্য সংরক্ষিত থাকবে। প্রথম পর্যায়ে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রমটি শুরু হলেও পরবর্তীকালে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে উপকারভোগীদের চূড়ান্ত তালিকা তৈরি করে এটি সারাদেশে সম্প্রসারণ করা হবে।