
ফাইল ছবি
দীর্ঘ প্রায় ৩৯ মাস পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৫ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিন শেষে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ০৪ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মানদণ্ড বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, অর্থ পাচার রোধে কঠোর নজরদারি ও পদক্ষেপের ফলে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এতে ব্যাংকিং চ্যানেলে ডলারের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে চাহিদার তুলনায় বাজারে ডলারের সরবরাহ বেশি থাকায় অতিরিক্ত ডলার কেন্দ্রীয় ব্যাংক কিনে নিচ্ছে, যা রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
চলতি অর্থবছরের শুরু থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে মোট ২ হাজার ১৯৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২১ দশমিক ৯০ শতাংশ বেশি। ফলে ব্যাংকগুলোতে উদ্বৃত্ত ডলার জমা হচ্ছে।
চলতি অর্থবছরের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত বাজার থেকে কেন্দ্রীয় ব্যাংক ৫৪৬ কোটি ডলার কিনেছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকলে এবং রপ্তানি আয় স্থিতিশীল থাকলে রিজার্ভের এ ধারা সামনে আরও ইতিবাচক থাকবে।