
নিহত বেল্লাল ব্যাপারী। ছবি: সংগৃহীত
ইতালির মিলান শহরে সড়ক দুর্ঘটনায় বেল্লাল ব্যাপারী (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
নিহত বেল্লাল ডাসার উপজেলার পূর্ব খান্দুলী গ্রামের ইউনুস ব্যাপারীর ছেলে। পারিবারিক অভাব দূর করতে ও পরিবারের স্বচ্ছলতা ফেরাতে মাত্র নয় মাস আগে লিবিয়া হয়ে ইতালিতে পাড়ি জমিয়েছিলেন তিনি।
স্বজনরা জানান, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে মিলানের একটি সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত তিনি মারা যান।
বেল্লালের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে বাবা ইউনুস ব্যাপারী ও পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
নিহতের চাচাতো ভাই বি এম রতন ব্যাপারী বলেন, পরিবারকে ঘিরেই বেল্লালের সব স্বপ্ন ছিল। ধারদেনা করে বিদেশে গিয়েও উপার্জনের শুরুতেই এমন মর্মান্তিক পরিণতি কেউ কল্পনা করেনি।
এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় দাপ্তরিক সহায়তা দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।